বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করবো- অ্যাডভোকেট জাহিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩:১৬ অপরাহ্ন
শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান। গত মঙ্গলবার দিনভর বিয়ানীবাজার পৌরশহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তিনি নির্বাচিত হলে প্রবাসীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর প্রতিশ্রুতি দেন, যেখানে প্রবাসীদের নানা ধরণের সেবা সহজেই এক জায়গা থেকে প্রদান করা হবে।
এডভোকেট জাহিদুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের সম্মান ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আমি নির্বাচিত হলে প্রবাসীদের ভোগান্তি দূর করতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নেব।
তিনি আরও বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে নদীভাঙ্গন একটি বড় সমস্যা। এই জনপদের মানুষকে রক্ষায় একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে আমার।
এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাঁকে সমর্থন জানান এবং জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
গণসংযোগে বিয়ানীবাজার উপজেলা গণঅধিকার পরিষদের উপদেষ্টা হাজী কমর উদ্দিন, আহবায়ক মাহবুব আহমদ, সদস্য সচিব পঙ্কজ কুমার চৌধুরী, পৌর শাখার সদস্য সচিব রুহুল আমিন, গণঅধিকার পরিষদ নেতা বিবেকানন্দ দাস, ফখরুল ইসলাম, আব্দুল গফুর, নাইম উদ্দিন, ইসলাম উদ্দিন, মিসবাহ উদ্দিন, মইন উদ্দিন, হাবিব আহমদ, আব্দুল গফুর, বিয়ানীবাজার উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক জিয়া রহমান, সদস্য সচিব ফয়ছল আহমদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।




