জকিগঞ্জে মসজিদ নিয়ে যুবকের অবমাননাকর মন্তব্য : প্রকাশ্যে ক্ষমা চেয়ে সমাধান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩:৪৮ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জে আবারো প্রমাণ হলো ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার অনন্য উদাহরণ। মসজিদ নিয়ে ফেসবুকে অবমাননাকর একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের সৌহার্দ্যপূর্ণ ভূমিকায়।
আজ বুধবার বিকেলে জকিগঞ্জ থানায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
মুসলিম ধর্মীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক কে.এম. মামুন, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা ফদ্বলুর রহমান ও ইউপি সদস্য লুতফুর রহমান।
অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সদস্য ও শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র পাল, শুভ্রকান্তি দাস চন্দন, পূজা পরিষদের জকিগঞ্জ সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক কর্ণময় দাস, শিক্ষক নবেন্দু রায়, সাবেক ইউপি সদস্য নব কিশোর বিশ্বাস, অসিত বিশ্বাসসহ আরও অনেকে।
বৈঠকে মন্তব্যকারী যুবক দিপক বিশ্বাস তার বাবা ও আত্মীয়দের সঙ্গে উপস্থিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া মন্তব্যের জন্য আন্তরিকভাবে নিঃশর্ত ক্ষমা চান। তিনি ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড করবেন না মর্মে অঙ্গীকার করেন।
মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ইসলাম ধর্মে ক্ষমাকে মহৎ গুণ হিসেবে তুলে ধরে তাকে ক্ষমা করে দেন। বৈঠকে উপস্থিত সবাই বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে জকিগঞ্জের দীর্ঘদিনের আন্তঃধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত গত সোমবার জাতীয় একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত `সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাজার আসর‘ শীর্ষক সংবাদের কমেন্ট বক্সে জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখারচক গ্রামের রায়মোহন বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২৭) স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালি দিয়ে মুসলমানদের পবিত্র মসজিদকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন।
পরে ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ দীপকের বাড়িতে গেলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে পরিস্থিতি বেগতিক দেখে দীপক বিশ্বাস নিজের দোষ স্বীকার করে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে তিনি কান ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। মঙ্গলবার রাতেও বিষয়টি নিয়ে রহিমখারচক গ্রামে ইউপি চেয়ারম্যান হাসান আহমদের উপস্থিতিতে বৈঠকে দীপকের পিতাসহ স্বজনরা ক্ষমা চান। অবশেষে বুধবার মুসলিম-হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া বৈঠকে বিষয়টি সুরাহা হয়।




