২২ সেপ্টেম্বর থেকে নগরে অবৈধ যানবাহন চলবে না, অবৈধ স্ট্যান্ড থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৬:২৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আগামী ২২ সেপ্টেম্বর থেকে নগরীতে কোন অবৈধ যানবাহন চলাচল করবে না, অবৈধ স্ট্যান্ড থাকবে না বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ কমিশনার তা সমাধানে আশ্বাস প্রদান করেন।
পুলিশ কমিশনার সভায় উপস্থিত পরিবহন সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে বলেন, এই শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে হলে সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, রুট পারমিটবিহীন গাড়ি, ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চোরাই গাড়ি, অবৈধ অটোরিক্সা এবং অবৈধ সিএনজি স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্ট্যান্ড ব্যতীত কোনো যানবাহন যত্রতত্র পার্কিং করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে এসব অবৈধ যানবাহন মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে নিতে হবে। ২২ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাইরে থেকে নগরীতে চিকিৎসা ও অন্যান্য সেবার জন্য আগত যাত্রীদের নির্দিষ্ট কিছু গাড়িতে উঠতে বাধ্য করে অতিরিক্ত ভাড়া চাওয়া হয়। এজন্য সিলেট মেট্রোপলিটন এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ থাকবে। রাত ১০টা থেকে সকাল ৮ টা পর্যন্ত নগরীতে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান প্রবেশ করতে পারবে। সময়সীমা অতিবাহিত হওয়ার পর কোনো কাভার্ডভ্যান, ট্রাক শহরে প্রবেশ করতে পারবে না। অবৈধ সিএনজি ড্রাইভাররা ছিনতাই কাজের সাথে জড়িত তাই অবৈধ গাড়িগুলো সরালে অপরাধ কমে আসবে। আমরা আমেরিকার মতো একটি ব্যবস্থা করব পরপর তিনবার জরিমানার শিকার হলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে।
এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।




