ছাত্রদলের উদ্যোগে শাবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০:৫০ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন ফুড কোর্টের আশপাশ দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল । যা পরিবেশ নষ্ট এর পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
এই অবস্থায় বৃহস্পতিবার ( ১৮সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের নেতৃত্বে শাখার নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ওই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানান, ক্যাম্পাসের সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসাথে তারা দ্রুত ফুড কোর্টটি চালু করারও জোর দাবি জানান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছাত্রদল নেতারা বলেন, সবাই যেন মনের অজান্তে যেখানে-সেখানে ময়লা না ফেলি। নির্ধারিত স্থানে ময়লা ফেলি। এতে করে ক্যাম্পাস সুন্দর ও পরিচ্ছন্ন থাকবে।




