কোম্পানীগঞ্জে ১৭ মামলার আসামি আওয়ামীলীগ নেতা আলফু চেয়ারম্যান গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৮:৪০:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ১৭ টি মামলার আসামি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার থানা সদরে তার অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাজী আব্দুল ওয়াদুদ আলফু কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ। তিনি জানান, আলফু চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র মামলা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, বালু-পাথর লুটসহ মোট ১৭ টি মামলা রয়েছে। তাকে নিয়ে তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।




