প্রয়াত সংসদ সদস্যের কবর জিয়ারতের মধ্যে দিয়ে আরিফের প্রচারণা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৮:০৪:২৫ অপরাহ্ন
সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বিএনপি নেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারতের মধ্যে দিয়ে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। শুক্রবার তিনি রাধানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তার প্রচারণা শুরু করেন। এরপর তিনি রাধানগর বাজারে গণসংযোগ করেন। এতে গোয়াইনঘাট উপজেলার বিএনপি, অঙ্গসংগঠন ও স্থানীয় নেতাকর্মীরা বিশাল জনসমাগম গড়ে তোলেন। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে তিনি এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, এই আসনের সকল অলিগলি আমার চেনা, সমস্যাগুলো সম্পর্কেও আমি অবগত। আমি নির্বাচিত হলে এবং বিএনপি ক্ষমতায় গেলে প্রথম এক বছরের মধ্যেই এসব সমস্যা সমাধান করে উন্নয়নের জোয়ারে এই নির্বাচনী এলাকাকে ভাসিয়ে দেওয়া হবে। এই আসনে আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ কয়েকজন প্রার্থী ধানের শীষের প্রচারণা চালিয়েছেন। তারা সবাই যোগ্য ও বিএনপির ত্যাগী নেতা। তাদের সবাইকে যথাযথ সম্মান দেওয়া হবে বলে বিএনপি ইতোমধ্যে ঘোষণা করেছে। আমি আমাদের সকল নেতাকে সঙ্গে নিয়ে এই আসনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার দিতে চাই।
প্রয়াত বিএনপির প্রয়াত বর্ষীয়ান নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম সিলেট-৪ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী জেবুন্নাহার সেলিমও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।




