কালিঘাট থেকে ৫১৩ বস্তা ভারতীয় পেঁয়াজ জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৫:৩৬ অপরাহ্ন
সিলেটে ৫১৩ বস্তা অবৈধ ভারতীয় পেঁয়াজ আটক করে জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট আমজাদ আলী রোডস্থ পেঁয়াজ পট্টি এলাকায় বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন দোকানে তল্লাশি করে মোট ৫১৩ বস্তায় ২৫ হাজার ৬৫০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক এজাহারনামীয় ৬ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।




