সিলেটে জাতীয় ছাত্রশক্তির নেতার ওপর হামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:১৩:৫৯ অপরাহ্ন
সিলেটে জাতীয় ছাত্রশক্তির এক নেতার ওপর অতর্কিত হামলা করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট নগরীর সোবহানীঘাট পয়েন্টে এই হামলা চালানো হয়। এতে তিনি আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোহাম্মদ এহতেশাম জাতীয় ছাত্রশক্তির সিলেট মহানগর শাখার অন্যতম সদস্য।
জানা যায়, বুধবার বিকেলে নগরীর সোবহানীঘাটের নিজ অফিসে যাচ্ছিলেন এহতেশাম। এসময় এহতেশামের বাইকে ধাক্কা দেয় একটি পিকআপ। পরে কথা কাটাকাটির জেরে পিকআপ চালক ও কয়েকজন শ্রমিক মিলে এহতেশামের ওপর হামলা করেন। এতে আহত হন এহতেশাম। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কথা কাটাকাটির জেরে উনার ওপর হামলা করা হয়েছে। আজ রাতেই বিষয়টি সোবহানীঘাট পুলিশ ফাঁড়িতে সমাধান করা হবে।




