সিলেট-৬ আসনে বিএনপি ঐক্যবদ্ধ- অ্যাডভোকেট এমরান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৬:৫১:০০ অপরাহ্ন
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের জন্য আমাকে মনোনীত করায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায় তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং এই দুই উপজেলার সর্বস্তরের মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তা’লার। আমি এই অনুষ্ঠান থেকে আল্লাহর নামে কসম করে বলছি- আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আজীবন বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর দাস হয়ে সেবা করে যেতে চাই।
তিনি আরও বলেন- আমার প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে আমি সম্মান করি। মনোনীত হওয়ার পর আমি সবার বাসায় গিয়েছি। তারা আমাকে আশ্বাস দিয়েছেন- ধানের শীষের পক্ষে তারা কাজ করবেন। এখনো কারো মনে যদি অভিমান থাকে- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রাহমান ও ধানের শীষের দিকে তাকিয়ে আগামীকাল থেকেই দলের পক্ষে নেমে পড়–ন। আমাদের সবার একটাই লক্ষ্য হোক- এই জনপদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং সবাই মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সিলেট-৬ আসনকে খালেদা জিয়া-তারেক রহমানকে উপহার দেওয়া। মনে রাখবেন- চব্বিশের শহিদদের রক্ত আর ধানের শীষের সঙ্গে বেঈমানি করলে এই দুই উপজেলার মানুষ ক্ষমা করবে না।
এমরান আহমদ চৌধুরী বলেন- আমি বিগত ২৫ বছর বিয়ানীবজার-গোলাপগঞ্জের মানুষের ঘরে ঘরে গিয়েছি। আরও যাবো, অবহেলিত জনপদগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবো।
বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে বিয়ানীবাজার পৌর শহরের ইউসুফ কমিউনিটি সেন্টারে আয়োজিত শোকরানা দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।




