লন্ডনে বাংলাদেশের হাই-কমিশনারকে হেনস্তা, কমিউনিটিতে প্রতিক্রিয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ১০:০৮:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : লন্ডনে সোমবার স্থানীয় সময় রাতে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে অপদস্থ করার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। লন্ডনের মতো জায়গায় কিছু বাংলাদেশির এমন কর্মকান্ড বাংলাদেশি কমিউনিটির জন্য বিব্রতকর ও নিঃসন্দেহে নেতিবাচক বলে মন্তব্য করেছেন অনেকে।
এ বিব্রতকর ঘটনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশিদের গর্বের স্মারক প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টারের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ¦ আবারও সামনে এল।
সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, বিরোধ নিরসনে সোমবার রাতে উত্তর লন্ডনের কেনসিংটনে সেন্টারের নিজস্ব ভবনে সেন্টারের ব্যবস্থাপনা কমিটির সভা ডাকেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার ও সেন্টারের চেয়ারম্যান আবিদা ইসলাম। সভাস্থলে পৌঁছেই বিব্রতকর অবস্থায় পড়েন তিনি।
ছড়িয়ে পড়া ভিডিতে দেখা যায়, আবিদা ইসলামকে ঘিরে ধরে প্রশ্ন ও অভিযোগে জর্জরিত করতে দেখা গেলেও, তাকে কথাই বলতে দেওয়া হচ্ছিল না। পরে ভবনের বাইরে দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।
লন্ডনের মতো জায়গায় কিছু বাংলাদেশিদের এমন কর্মকান্ড বাংলাদেশি কমিউনিটির জন্য বিব্রতকর ও নিঃসন্দেহে নেতিবাচক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ সেন্টারে প্রবেশের পরই আবিদা ইসলামের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুলসহ বর্তমান কমিটির কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি। তা রেকর্ড করতে শুরু করেন বেশ কয়েকজন।
হাইকমিশনার সভাস্থলে এমন আক্রমণাতœক কথাবার্তা রেকর্ড করা সম্পর্কে জানতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হট্টগোলের কারণে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে তিনি কথা বলতে চাইলেও তীব্র হট্টগোলের কারণে বক্তব্য দিতে না পেরে সেন্টার ত্যাগ করেন। এসময় তার সঙ্গে আসা হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার বলয়ের কয়েকজনের তর্ক-বিতর্ক হয়।
ভিডিওতে দেখা যায়, দেলোয়ার বলয়ের নেতারা হাইকমিশনের এক কর্মকর্তা দেশে গেলে “দেখে নেওয়া হবে” বলে হুমকি দিয়েছেন। তবে, এ বিষয়ে হাইকমিশনের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রায় বিশ মিনিট পর পুলিশের একটি দলের উপস্থিতিতে হাইকমিশনার আবিদা ইসলাম পুনরায় সেন্টারে ফিরে আসেন এবং দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবিদা ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সেন্টারকে ঘিরে যে বিভেদ তৈরি হয়েছে, তা দ্রুত নিরসনে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি জানান, আগামী ২৬ নভেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। সে কারণে সেন্টারে নতুন নির্বাচন আয়োজন জরুরি হয়ে পড়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে এ ব্যাপারে আবিদা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে জানানো হয়, তিনি কমনওয়েলথের একটি মিটিংয়ে আছেন। সংবাদ সম্মেলন করে তিনি বিস্তারিত জানাবেন।
এ ব্যাপারে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিষ্টার আকবর হোসেন বলেন, হাইকমিশনার যেহেতু সংবাদ সম্মেলন করবেন, সেখানেই তিনি কথা বলবেন।




