কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ভবন না করার দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৬:১২:৪১ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ভবন না করার দাবিতে স্থানীয় দুটি ক্রীড়া ও সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এবং থানা সদর ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ মাঠে প্রতি বছর মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবসসহ জাতীয় সকল দিবসের অনুষ্ঠানাদি, সরকারি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মাঠের পূর্ব-দক্ষিণ কোণে থাকা দৃষ্টিনন্দন শহিদ মিনারে ভাষা আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে এখানে সমবেত হন হাজারো মানুষ। প্রতি বছর বৃক্ষমেলা, বিজ্ঞান মেলা এই মাঠে হয়ে থাকে। এছাড়া, উপজেলা সদর এবং আশপাশের কয়েকটি গ্রামের শিশু, কিশোর, যুবকেরা এই মাঠেই খেলাধুলা করে থাকে। অথচ এই মাঠে ভবন করার পরিকল্পনা করছে উপজেলা প্রশাসন।
বক্তারা আরও বলেন, নদীপাড়ের এই খোলা মাঠ এবং সবুজ গাছপালা এক মনোরম পরিবেশ তৈরি করে রেখেছে। যা মানুষকে দেয় নির্মল বাতাস, আনন্দ। এই মাঠে বহুতল ভবন নির্মাণ করার পরিবেশবিধ্বংসী পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে না। আমরা ভবন চাই, কিন্তু মাঠ নষ্ট করে ভবন চাই না। বিকল্প জায়গায় ভবন হোক। প্রয়োজনে দ্বিতল ভবনগুলোকে ভেঙে বহুতল ভবন করা হোক। পরিত্যক্ত ভবনগুলো ভাঙা হোক। উপজেলা নির্বাচন অফিসের সামনে বিশাল জায়গা পড়ে আছে, সেখানে ভবন করা যেতে পারে। খেলাধুলা-সাংস্কৃতিক আয়োজন থেকে শিশু, কিশোর, তরুণদের বঞ্চিত করে মাঠে ভবন করার পরিকল্পনা থেকে সরে আসুন।
থানা সদর ইয়াং স্টার ক্লাবের সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য ইমন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ, পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি মো. নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ অফিক আহমদ, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, শিলেরভাঙ্গা রাইজিং ক্লাবের সদস্য সিদ্দিকী আবুল আলা, কোম্পানীগঞ্জ রংধনু ক্লাবের ক্যাপ্টেন হানিফ আহমদ, কালিবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক তাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ক্রীড়া সম্পাদক শাহিন আহমদ, সদস্য ইয়াছির আলী, আরিফুর রহমান, বুড়দেও ক্লাবের সভাপতি জুয়েল আহমদ শামা, সহ-সভাপতি শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, থানা সদর ইয়াং স্টার ক্লাবের সদস্য জুয়েল মাহমুদ, আল আমিন, পলাশ চৌধুরী, ইসলামপুর প্রজাপতি ক্লাবের সদস্য উবায়দুল ইসলাম, নোয়াগাঁও স্পোর্টিং ক্লাবের মোক্তার হোসেন, রাজারখাল স্পোর্টিং ক্লাবের খালেদ পারভেজ, দক্ষিণ বুড়দেও ক্লাবের সুজন আহমেদ, বুড়িডহর ক্লাবের আফজল হোসেন।
উপস্থিত ছিলেন থানা সদর ইয়াং স্টার ক্লাবের সদস্য রফিক, শান্ত, সুজন, রুয়েল, জামিল, ফয়ছল, তারেক, উজ্জ্বল, রিমন, তানভিদ, সমিত, এজাদ, নাজিম, নিজাম, কয়েছ, বদরুল, আরমান, মোবারক, আইনুল, শাহিন, আলিমুল, আরিফ, সুজন, হৃদয়, রাব্বি, রাইহান, জাবের, খুরশিদ, ইমরান, কামরান, আজির, সাইফুল, আশিক, তাহমিদ, খালেদ, মুহিব, সাইফুল আলম, ওবায়দুল, আলমগীর, আফজল, তানভির, আইনুল, মিলন, সালাহউদ্দিন, মতিন, মশাল, সিয়াম, রফিকুল, কামাল, রনি, সোহেল, জুনেদ, কামরুল, রাহাত প্রমুখ।




