কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় ঘন্টাব্যাপী মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৭:০৩:০৪ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার শাহ আরফিন বাজার এলাকায় এ মানববন্ধন করেন। মানববন্ধনে শিশুটির পরিবার, স্থানীয় দোকানদার, শিক্ষক, ছাত্রছাত্রী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশ’ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, “শিশু নির্যাতনকারীর ফাঁসি চাই”, “নারী-শিশু নিরাপত্তা নিশ্চিত করো”, “ধর্ষণ চেষ্টাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে এমন জঘন্যভাবে নির্যাতনের চেষ্টা মেনে নেওয়া যায় না। দোষীকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনার বিচার যেন দ্রুত হয়, এটাই আমাদের দাবি। শাহ আরেফিন বাজার এলাকায় শিশু ও নারীরা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, সে জন্য প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। এমন ঘটনা আবারও ঘটুক, এটি আমরা চাই না।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার শিশু নির্যাতন আইনে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ, গত রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ আরেফিন বাজারের আউয়ালের বিল্ডিংয়ের দোতলায় কৌশলে একটি শিশুকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আব্দুল মতলিব মিয়া (৫৮) নামে এক বৃদ্ধ। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে ধরে পুলিশে হস্তান্তর করেন। অভিযুক্ত মতলিব মিয়া উপজেলার জালিয়ারপার গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে।




