শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব : উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশিং কনটেস্ট’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৮:০২:২৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমী ‘ফিশিং কনটেস্ট’ বা মাছ ধরা প্রতিযোগিতা উচ্ছ্বাসমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তরুণ ও প্রবীণ মিলিয়ে ২৬ জন প্রতিযোগী অংশ নেন। আনন্দ-উল্লাসে ভরপুর প্রতিযোগিতা চলে দুপুর ২টা পর্যন্ত।
এবারের আসরে ডুংরিয়া গ্রামের সালা উদ্দিন জনি সর্বোচ্চ ৯ কেজি ৭৬০ গ্রাম ওজনের ১৩টি মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন। পাশাপাশি ২ কেজি ৪২০ গ্রাম ওজনের সর্ববৃহৎ মাছ ধরার রেকর্ডও তার দখলে।
সদরপুর গ্রামের ছালিক মিয়া ৪ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১টি মাছ ধরে দ্বিতীয় হন।
তৃতীয় স্থান অর্জন করেন সুলতানপুর গ্রামের আবুল হোসেন, যিনি মোট ৪ কেজি ২৮৮ গ্রাম ওজনের ৫টি মাছ ধরেন।
বিকাল ৫টায় ঝিলমিল অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ৩টি ও ১টি করে মাছ ধরায় আরও ৪ জন অংশগ্রহণকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, “সুনামগঞ্জ হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় লোকজন সাধারণত জাল দিয়ে মাছ ধরায় অভ্যস্ত। কিন্তু বড়শিতে মাছ ধরার আনন্দ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে এবং ধৈর্য বাড়াতে এই আয়োজন। প্রতিযোগিতার মোড়কে মাছ ধরাকে উৎসবে রূপ দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।”




