শীত পড়েছে শ্রীমঙ্গলে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৯:০৫:২৫ অপরাহ্ন
আবুল ফজল মো আবদুল হাই, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শীতের প্রকোপ শুরু হয়েছে। আজ সোমবার (২৪ নভেম্বর)ভোরে উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এ অঞ্চলের সবচেয়ে কম তাপমাত্রা। পাহাড়ি টিলা, চা–বাগান ও বনের সমাহারে থাকা শ্রীমঙ্গল বরাবরই শীতপ্রবণ হলেও এদিন ভোর থেকে হঠাৎ কমে যাওয়া তাপমাত্রায় চা শ্রমিক, পথচারী ও স্থানীয়দের মাঝে শীতের স্পষ্ট অনুভূতি দেখা যায়।
সকালে ঘন কুয়াশায় পুরো এলাকা সাদা চাদরে ঢেকে যায়। ঠান্ডা বাতাসে স্বাভাবিক কাজে গতি কমে যায় এবং অনেককে গরম কাপড় জড়িয়ে পথে নামতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন ধরেই রাতের দিকে ঠান্ডা বাড়ছিল, কিন্তু আজকের শীতেই প্রকৃত শীতের আবহ টের পাওয়া গেছে।
পর্যটনপ্রেমীদের জন্যও এ ঠান্ডা আবহাওয়া বাড়তি আকর্ষণ তৈরি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও কয়েকদিন শ্রীমঙ্গলসহ সিলেটের পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে।




