সিলেটে আয়োজিত পরামর্শ সভায় বক্তারা
‘সুষম উন্নয়নের স্বার্থে নির্বাচনী ইশতেহারে নারী শিশু ও যুবাদের অধিকার অন্তর্ভুক্ত করা জরুরি’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৬:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে আয়োজিত পরামর্শ সভায় বক্তারা বলেছেন, সুষম উন্নয়নের স্বার্থে নির্বাচনী ইশতেহারে নারী, শিশু ও যুবাদের অধিকার অন্তর্ভুক্ত করা জরুরি। রাজনৈতিক দলের অঙ্গিকার বাস্তবায়নের মধ্য দিয়ে জন আকাক্সক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব। এ জন্য নাগরিকদের সচেতনতার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন বক্তারা।
গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একটি অভিজাত হোটেলে উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র সহযোগিতায় এই বিভাগীয় পরামর্শ সভার আয়োজন করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফ্যাম, জাগো ফাউন্ডেশন, সেভ দ্যা চিলড্রেন, ব্রেকিং দ্যা সাইলেন্স এবং ওয়াটার এইড।
সভায় বক্তারা আরো বলেন, দেশে লিঙ্গ সমতা ও শিশু অধিকার উন্নয়নে বেশকিছু অগ্রগতি হয়েছে। তবে, রাজনৈতিক অংশগ্রহণ সুরক্ষা এবং মৌলিক সেবায় সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। আগামী জাতীয় নির্বাচনী ইশতেহারে দেশের রাজনৈতিক দলগুলোকে এ বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া সামাজিক ন্যায়বিচার এবং দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবির কো-অর্ডিনেটর আজিম উদ্দিন। এছাড়া, আলোচনায় অংশ নেন ব্রেকিং দ্যা সাইলেন্স’র পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, আকবেট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সায়েম, সিলেট যুব একাডেমির পরিচালক সাবিহা সুলতানা, একডোর নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, টিআইবির সাজেদুর রহমান প্রমুখ। পরামর্শ সভায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন এ্বং বিষয় ভিত্তিক নানা প্রস্তাবনা তুলে ধরেন।




