দক্ষিণ সুরমায় ওয়ান উম্মাহ সোসাইটির উম্মাহ্ কনফারেন্স
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৬:১৯:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় ওয়ান উম্মাহ সোসাইটির উদ্যোগে ‘উম্মাহ্ কনফারেন্স ২০২৫’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সিলেটের দক্ষিণ সুরমার রেঙ্গা হাজিগঞ্জ কিংডম পার্টি সেন্টারে এ কনফারেন্স সম্পন্ন হয়।
জ্ঞান, প্রজ্ঞা ও আত্মশুদ্ধির প্রেরণায় সারাবেলা মুখর ছিল পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ান উম্মাহ সোসাইটির অন্যতম উপদেষ্টা হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কারী মাওলানা ফারুক আহমেদ।
আলোচনা পেশ করেন জামেয়া রেঙ্গার শায়খুল হাদীস শায়েখ মাওলানা মকবুল হুসাইন কাসেমী, শায়েখ মাওলানা ফখরুল ইসলাম মোগলাবাজারী, শায়েখ আতাউল হক জালালাবাদী, শায়েখ মাওলানা শরীফ মুহাম্মদ, শায়েখ মাওলানা মুসা আল হাফিজ, শায়েখ মাওলানা সাইমুম সাদী ও মুফতি জিয়াউর রহমান।
বক্তারা ইসলামের মৌলিক শিক্ষা, নববী সভ্যতা, চরিত্রগঠন, সমাজ সংস্কার, যুগোপযোগী দাওয়াত এবং তরুণ সমাজকে হিদায়াতের পথে ফিরিয়ে আনার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।
পরিশেষে নববি দর্পণে উম্মাহর কল্যাণ, দাওয়াতের শক্তি এবং সমাজে সত্যের আলো ছড়াতে উম্মাহ্ কনফারেন্স ২০২৫–এর গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সময়োপযোগিতা তুলে ধরে জমিয়ত ওয়ান উম্মাহ সোসাইটির পক্ষ থেকে দোয়া পরিচালনা করা হয়।
আলোচকরা আশা প্রকাশ করেন এ ধরনের আয়োজন মুসলিম উম্মাহকে ঐক্য, জ্ঞান, প্রজ্ঞা ও আত্মশুদ্ধির পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম, সমাজসেবক, তরুণ নেতৃবৃন্দসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।




