সিলেটে বাপুস নির্বাচন : জকিগঞ্জ থেকে পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ১০:১৬:০৪ অপরাহ্ন
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৮ উপলক্ষে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ শুক্রবার জকিগঞ্জ থেকে তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুরু করেছে। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বই বিপণিতে গিয়ে নেতৃবৃন্দ বই ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থন কামনা করেন।
উদ্বোধনী কর্মসূচিতে নেতৃত্ব দেন প্যানেলের উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, সভাপতি পদপ্রার্থী মো. আনোয়ার রশিদ, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মিজানুর রহমান, এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. ফখরুল ইসলামসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্যানেল নেতৃবৃন্দ বলেন, পুস্তক ব্যবসা আজ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, বাজার ব্যবস্থার স্বচ্ছতা, আধুনিকায়ন, কেন্দ্রীয় নীতিমালা শতভাগ বাস্তবায়ন এবং শিক্ষার প্রসারে বই শিল্পকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, সিলেট জেলার ১৩টি উপজেলার—সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ—সমস্ত পুস্তক ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় ঐক্য পরিষদ একটি বাস্তবমুখী রোডম্যাপ ঘোষণা করেছে।
উদ্বোধনী দিনে জকিগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়। প্যানেলের নেতারা আসন্ন ৫ ডিসেম্বরের নির্বাচনে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল ২৫ জন বিজয়ী করার আহ্বান জানান।
আগামী দিনগুলোতে জেলার অন্যান্য উপজেলাতেও গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার কার্যক্রম রয়েছে বলে জানান প্যানেল নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি




