’বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার ক্ষুণ্ন হয়’, জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে অ্যাটর্নি জেনারেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৬:২৬:১০ অপরাহ্ন
‘বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয়। এ দেশ থেকে এটি দূর করতে হলে সবাই মিলে একযোগে কাজ করতে হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোঃ আসাদুজ্জামান।
গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বার এসোসিয়েশন। তাঁর একটি স্বকীয় ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য এবং সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্ব আইনজীবী সমিতির সদস্যদের। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার এবং বার ও বেঞ্চের সুসম্পর্ক সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে চর্চা করে সঠিক জ্ঞান অর্জন করতে হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট মোঃ আব্দুর রহমান চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ৫০ জন মেধাবী সন্তানকে এককালীন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কৃত করা হয়।
সমিতির দুই বারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম. শমিউল আলম তার ব্যক্তিগত উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে মেধাভিত্তিক ২ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সরকারি কৌঁসুলি এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেটের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ আশিক উদ্দিন (আশুক), মহানগর পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি




