দোয়া চেয়েছে পরিবার
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলিবিদ্ধ আলালের হার্টের অপারেশন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১২:৪০:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে এক চোখ হারানো সিলেটের আলালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আলালের হার্টের অবস্থাও ভালো যাচ্ছে না।
গত বছর আন্দোলনের সময় এক শিশু সন্তানের জনক আলাল গুলিবিদ্ধ হয়ে বাম চোখ হারিয়েছিলেন। তারপর ডান চোখেও সমস্যা দেখা দেয়। চোখের চিকিৎসা চলা অবস্থায় নতুন করে সমস্যা দেখা দেয় হার্টে। বেশ কিছুদিন ধরে তিনি হার্টের বাল্বের সমস্যা নিয়ে ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার একটি অপারেশনের কথা রয়েছে। এজন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
সিলেট নগরীর চারাদিঘীরপাড় এলাকার (আল আমিন ৬৪) বাসিন্দা আলাল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
বড় ভাইয়ের শারীরিক অবস্থার বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার ছোট ভাই দুলাল। অনেকটা ক্ষোভ নিয়ে দুলাল বলেন, ‘দলের দু:সময়ে আমার ভাই ছিলো। একটি চোখও হারিয়েছে গুলিবিদ্ধ হয়ে। অথচ আমার ভাইয়ের এই দু:সময়ে আমাদের পাশে কেউ নেই। একটা ফোন দিয়েও কেউ খবর নিচ্ছে না। তারপরও আমার ভাইয়ের জন্য সিলেটবাসীর কাছে দোয়া চাইছি।’
চোখে গুলিবিদ্ধ হবার পর থেকে বছরের বেশী সময় আলাল চিকিৎসার জন্য ঢাকা এবং সিলেট দৌড়েছে। একপর্যায়ে ডান চোখেও সমস্যা দেখা দেয়। চোখের চিকিৎসা চলা অবস্থায় হার্টের সমস্যা ধরা পড়লো।




