নবীগঞ্জে পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১:২৭:৩০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জ উপজেলার পৃথক দুই স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় বেশ আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
প্রথম ঘটনাটি ঘটে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘর ব্রাহ্মণ গ্রামে। স্থানীয় নৃপেশ সূত্রধরের জমির পানিতে বৃদ্ধ অনিল সূত্রধর (৭০) এর লাশ দেখতে পান এলাকাবাসী। রাত ১টার দিকে তারা পুলিশে খবর দিলে এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৫টায় বাড়ি থেকে বের হয়েছিলেন অনিল সূত্রধর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
অন্যদিকে, একই রাতে নবীগঞ্জ পৌরসভার চরগাঁওয়ে পরিত্যক্ত একটি জমি থেকে নুরুজ্জামান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে স্থানীয়রা পরিত্যক্ত জমিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ওসি তদন্ত দুলাল মিয়ার নেতৃত্বে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে সাবেক এমপি শেখ সুজাতসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের পরিবারের দাবি, নুরুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। উভয় ঘটনার রহস্য উদ্ঘাটনে পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।




