জাতি খালেদা জিয়ার সুস্থতার অপেক্ষায় : কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১:৪৮:৫৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে গণতন্ত্রের নবযাত্রা সূচিত হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠার এই দীর্ঘ সংগ্রামে তাঁকে একাধিকবার দেশবিরোধী চক্রের রোষানলের মুখে পড়তে হয়েছে। দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অন্ধকার পেরিয়ে ৫ আগস্ট জাতি আবারও গণতান্ত্রিক পথে ফেরার সুযোগ পায়- এই অর্জন সম্ভব হয়েছে তাঁর অদম্য, সাহসী ও আপোসহীন নেতৃত্বের কারণে।
তিনি বলেন, সামনে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়েই আমাদের প্রিয় দেশনেত্রী অসুস্থ হয়ে পড়েছেন, যা সমগ্র জাতিকে গভীর উৎকণ্ঠায় ফেলেছে। তাঁর সুস্থতার জন্য দেশব্যাপী মানুষ দোয়া ও প্রার্থনা করছেন। জাতি তাঁর সুস্থতার অপেক্ষায়।
গতকাল শনিবার মাগরিবের নামাজের পর দাউদপুর পূর্ব তুড়ুকখলা জামে মসজিদে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সবসময়ই অবিচল ছিলেন। রাষ্ট্রের সংকটময় মুহূর্তে তাঁর দূরদর্শী নেতৃত্ব অতীতেও জাতিকে পথ দেখিয়েছে, এখনও তিনি জাতির জন্য সমান প্রয়োজনীয়। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েও তিনি কখনো দেশত্যাগ করেননি- এটিই তাঁর দেশপ্রেমের সর্বোচ্চ উদাহরণ। দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরী।
\এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কোহিনূর আহমেদ, পাবেল রহমান, রায়হানুল হক, মতিউস সামাদ চৌধুরী সানু, সাইফুল ইসলাম, রাজু আহমেদ, নাছিম আহমেদ, লিটন আহমদ, গিয়াস উদ্দিন, রুহুল আমিন রুহেল, লয়লু মিয়া, সুহেল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি




