সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন
দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে- বিভাগীয় কমিশনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:২৭:২০ অপরাহ্ন
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে সরকারি সেবা সহজ করতে হবে। সেবার সকল তথ্য ওয়েবসাইটে ও সিটিজেন চার্টারে উম্মুক্ত রাখতে হবে। দুর্নীতি রুখে দিতে আগে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজের প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে হবে। দুর্নীতি একটি দেশকে সামগ্রিকভাবে ক্ষতবিক্ষত করে দেয়। আমাদের অনগ্রসরতার অন্যতম কারণ দুর্নীতি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত দুর্নীতির বিস্তার ঘটেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে যদি এরকম দুর্নীতি থাকে তবে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারবে না। পরিবার থেকেই শিশুদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে। স্কুল-কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক, আলোচনা সভা ও সমাবেশের আয়োজনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাছির উদ্দীন আহমেদ, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, দুদক বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার ও সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরীন আক্তার।
এসময় সিলেটের বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।




