সিলেটে ভারতীয় ইয়াবা ও অন্যান্য অবৈধ মালামালসহ আটক-৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৫, ৮:২৮:১৫ অপরাহ্ন
সিলেটে ভারতীয় ইয়াবা ও অন্যান্য অবৈধ মালামালসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।
বিজিবি জানায়, সোমবার রাতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়চালিয়া রহমত কমিউনিটি সংলগ্ন লক্ষীবাজার-জকিগঞ্জ রাস্তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ১৮৫ পিস এবং ১ টি অটোরিক্সা সহ ৩ জনকে আটক করে। জব্দকৃত ইয়াবা ও অটোরিক্সার সিজারমূল্য ২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।
পরে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩ টায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী ২৪ টি ও লেহেঙ্গা ৬ টি সহ ২ জনকে আটক করা হয়। জব্দকৃত শাড়ী ও লেহেঙ্গার বাজারমূল্য ১ লাখ ২ হাজার টাকা।
এছাড়াও মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল ১০ টি জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের বাজারমূল্য ৮০ হাজার টাকা।
উপরোক্ত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, আসামীসহ জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, অটোরিক্সা, শাড়ী ও লেহেঙ্গা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত অন্যান্য মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




