বিয়ানীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধের জেরে যুবক খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৫, ৬:৪৬:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে আইফোন ছিনতাই নিয়ে বিরোধের জের ধরে ইমন আহমদ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাড় থেকে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
ইমন আহমদ কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ওই গ্রামের আশরাফুল (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আশরাফুল আব্দুল করিম মনাইর ছেলে।
পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর ওই যুবক নিখোঁজ হন। পরে পরিবার থেকে ৮ তারিখে থানায় জিডি করা হয়। আর মঙ্গলবার পুলিশ আশরাফুলকে সন্দেহজনকভাবে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে বুধবার দুপুরে ওই আড়ৎ থেকে ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমন আহমদ একটি আইফোন ব্যবহার করতেন। ওই ফোনের প্রতি দুর্বলতা ছিল আশরাফুলের। মূলত: ফোন ছিনতাইকে কেন্দ্র করে হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, আশরাফুলের দেওয়া তথ্যমতে ইমনের লাশ উদ্ধার করা হয়। সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। তবে ওই আইফোন উদ্ধার করা যায় নি এখনো। ময়নাতদন্তের জন্য ইমনের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ইমনের পরিবারের লোকজন থানায় এসেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




