শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৫, ৬:৪৮:১৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বহু সংস্কৃতির সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐতিহ্যের সম্মিলন ঘটাতে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হারমোনি ফেস্টিভ্যাল ২০২৫ সিজন-২। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বর্ণিল ব্যানার ও সম্প্রীতির বার্তায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগান মাঠে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন–২। চায়ের সুবাসে ভরপুর পাহাড়–টিলা ও সবুজ প্রকৃতির শহর শ্রীমঙ্গল বহুদিন ধরেই বিভিন্ন ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর আবাসভূমি। তাদের ঐতিহ্য, নাচ–গান, পোশাক, ভাষা ও জীবনাচারের বর্ণিল মেলবন্ধনই ফুটে উঠবে এই উৎসবজুড়ে।
উৎসবে অংশ নেবে খাসিয়া, ত্রিপুরা, মণিপুরী, গারো, সাঁওতাল, খাড়িয়া, সবর, ওরাও, বারাইক, কুর্মীসহ অসংখ্য জাতিগোষ্ঠী। তাদের ঐতিহ্যবাহী নৃত্য—খাড়ি নাচ, ঝুমুর, লাগড়ে নৃত্য, কাথারক, রাসলীলা, পুং চোলোমসহ নানা পরিবেশনা—উৎসবকে পরিণত করবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক সমারোহে।
ফেস্টিভ্যাল প্রাঙ্গণে থাকছে ঐতিহ্যবাহী খেলাধুলা, খাসিয়া পোশাকে নাচ–গান, পান তৈরির পদ্ধতি, লাইভ তাঁত বোনা, কুমারদের মাটির সামগ্রী নির্মাণ, তীর-ধনুক প্রতিযোগিতা, তেলাক্ত বাঁশে ওঠা এবং চা ও রাবার প্রক্রিয়াজাতকরণের প্রদর্শনী। এতে স্থানীয় পর্যটন, ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর শিল্পপণ্য, খাবার, পোশাক ও হস্তশিল্পের বিপণন সম্ভাবনাও আরও বাড়বে বলে জানায় উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “হারমোনি ফেস্টিভ্যাল শ্রীমঙ্গল ও আশপাশের সব ক্ষুদ্র নৃ–গোষ্ঠীকে এক প্ল্যাটফর্মে এনে তাদের জীবনাচার ও সংস্কৃতি তুলে ধরবে। এটি পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
যেখানে পাহাড় ছুঁয়ে থাকে মেঘ, আর চায়ের সুবাস মিশে যায় মানুষের দৈনন্দিন জীবনে- সেই শ্রীমঙ্গল এবার হয়ে উঠছে এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক উৎসবভূমি। হারমোনি ফেস্টিভ্যাল তাই শুধু আনন্দ-উল্লাসের আয়োজন নয়; এটি বহু জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, পরিচয় ও সম্প্রীতির গর্বিত বহিঃপ্রকাশ- যা শ্রীমঙ্গলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও দৃঢ় ও সমৃদ্ধ করে তুলবে।




