হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে অবস্থান কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:৪১:২৭ অপরাহ্ন
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সংহতি জানিয়ে সিলেটে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তারা বলেন, আমাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অবিলম্বে দৃশ্যমান করতে হবে। নিষিদ্ধঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সব সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আমরা আর সহ্য করব না।
ইনকিলাব মঞ্চের মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, শাবিপ্রবির সাকে সমন্বয়ক ফয়সাল হুসাইন, আপ বাংলাদেশ সিলেট মহানগরের আহবায়ক রাশেদুল করিম খোকন, কেন্দ্রীয় সদস্য তানজিল নাফি, লিডিং ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক জিয়াদুল ইসলাম মনি, এবি পার্টি সিলেট মহানগরের সদস্য সচিব রেজাউল করিম সুয়েব, ইনকিলাব মঞ্চের মো, মহররম, আপ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক রিজওয়ানুল বারী, কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আব্দুল আল মামুন সুজন, ইসলামী ছাত্র মজলিসের সিলেট মহানগরের ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক আব্দুল বাসিত, ওয়াফি, মুদ্রা, বুশরা, শাহেদ আলি প্রমুখ।




