বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩:১০ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা শিক্ষক পরিষদ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করে। আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই বিজয় শুধু একটি দিনের নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার চিরন্তন প্রেরণা। আর এই প্রেরণা থেকেই ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মাধ্য়মে ফ্য়াসিস্টকে বিতাড়িত করে। বক্তারা, বিজয়ের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্য়ক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর মো. তোতিউর রহমান ও প্রফেসর শামসুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, মাদ্রাসার সহযোগী অধ্যাপক মো. জিয়াউল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, ড. মো. বায়েজীদ আলম, সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেক প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশীদ মুর্তজা।
পরে অধ্য়ক্ষসহ অতিথিবৃন্দ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।




