কানাইঘাটে দাদীকে কুপিয়ে হত্যা করলো ইয়াবা আসক্ত নাতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৪:১১:৪৩ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাটে ইয়াবা আসক্ত এক যুবক নেশার টাকা না পেয়ে আপন দাদীকে ঘুমের মধ্যে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে। ঘাতক আব্দুস ছামাদ (২০) কে পুলিশ গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার গভীর রাতে এ হত্যাকান্ড ঘটে।
জানা যায়, ঘাতক আব্দুস ছামাদ কালিনগর ধর্মটিলা গ্রামের আকমল হোসেনের পুত্র। সে দীর্ঘদিন থেকে ইয়াবা আসক্ত ছিল বলে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন। আব্দুস ছামাদের বাবা আকমল হোসেন তার স্ত্রীকে নিয়ে বিয়ানীবাজার উপজেলার এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন।
মঙ্গলবার রাতে আব্দুস ছামাদ নেশা করার জন্য দাদী আমিরুন নেছা হারি’র কাছে টাকা চেয়েছিল। দাদী টাকা না দেওয়ার কারণে সে ক্ষিপ্ত হয়। তারপর রাতের কোন এক সময় দাদীর বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ১৩ জানুয়ারি সকালে বাড়ির আশপাশের লোকজন আমিরুন নেছা হারি’র কোন সাড়া শব্দ না পেয়ে বসত ঘরে প্রবেশ করে তার রক্তাক্ত লাশ দেখতে পান। ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করা হলে কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম ও থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূল ঘাতক নাতি আব্দুস ছামাদকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিবেশীরা জানিয়েছেন, আব্দুস ছামাদ নিয়মিত নেশা করত, সে ইয়াবা আসক্ত ছিল। সম্প্রতি পরিবারের লোকজন তার এসব কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে একবার বাড়ি থেকে ধরে থানায় নিয়ে আসলে তখন ছামাদকে চিকিৎসার জন্য মাদক নিরাময় কেন্দ্রে পাঠানোর পরামর্শ দেয় পুলিশ।




