সিলেট-১ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৩২:২৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এহতেশামুল হকের মনোনয়নপত্র আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করতে সোমবার (১৯ জানুয়ারি) নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন করে সিলেট জেলা ও মহানগর এনসিপি ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগরের আহ্বায়ক এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হকের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’র মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা অবৈধভাবে বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনানুগভাবে করা আপিল শুনানি শেষে মাননীয় নির্বাচন কমিশন সকল দিক বিবেচনায় নিয়ে আইন ও ন্যায়বিচারের আলোকে মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ালে শেষ পর্যন্ত জনগণের অধিকার রক্ষা পায়। এটি শুধু একজন প্রার্থীর বিষয় নয়, বরং সিলেট-১ আসনের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার একটি স্পষ্ট স্বীকৃতি।
এডভোকেট আফজাল বলেন, এনসিপি শুরু থেকেই স্বচ্ছ রাজনীতি, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সেই আস্থাকে আরও দৃঢ় করেছে।
শাপলা কলিকে সিলেট-১ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা, উন্নয়ন ও ন্যায়ের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, এনসিপির প্রার্থী এহতেশামুল হক জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে গেলে এলাকার বাস্তব সমস্যা, সম্ভাবনা ও মানুষের ন্যায্য দাবি দৃঢ়ভাবে তুলে ধরবেন।
তিনি জানান, এনসিপি সিলেট জেলা ও মহানগর কমিটি শান্তিপূর্ণ, শালীন ও ইতিবাচক নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের দ্বারে দ্বারে শাপলা কলির বার্তা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তিনি সিলেট-১ আসনের সম্মানিত জনগণ, দলের নেতা-কর্মী এবং দায়িত্বশীল গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি সিলেট মহানগরের সদস্য সচিব মো. কিবরিয়া সরওয়ার, সিলেট জেলার আহবায়ক মো. জুনেদ আহমদ, সদস্য সচিব প্রকৌশলী মো. কামরুল আরিফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।




