সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ১০:২৭:২২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-৩ আসন (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হল কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
প্রতীক বরাদ্দ অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ পেয়েছেন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন পেয়েছেন তালা প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন রিক্সা প্রতীক,খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মুশতাক আহমদ পেয়েছেন দেওয়াল ঘড়ি প্রতীক, আমার বাংলাদেশ পার্টি (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম পেয়েছেন ঈগল প্রতীক, অপরদিকে,স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহফুজুর রহমান খালেদ পেয়েছেন টেবিল ঘড়ি প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমদ মিশেল পেয়েছেন ফুটবল প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সুনামগঞ্জ–৩ আসনে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এখন প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও প্রচারণা জোরদার করবেন।




