শাহপরান (র.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০৬:৫৯ অপরাহ্ন
সিলেটের হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ১১ টার দিকে তিনি মাজারে পৌঁছান। পরে তিনি মাজার জিয়ারত করেন। সেখান থেকে রাত ১১ টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে শহরের উদ্দেশ্য রওয়ানা দেন। এর আগে সিলেটে পৌঁছে রাত ৯ টার দিকে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েন তিনি। পরে তিনি ৯ টা ৪০ মিনিটের দিকে সেখান থেকে হযরত শাহপরান (র.) এর মাজারে উদ্দেশ্য রওয়ানা দেন।
এসময় রাস্তার দুইপাশে মানুষের প্রচন্ড ভীড় দেখা যায়। মানুষজন তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে অভিবাদন জানান। তিনিও তাদেরকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। শাহপরান (র.) মাজারে যেতে সিলেট-তামাবিল মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। মানুষজনের কারণে ঠিকমতো চলতেই পারছে না তারেক রহমানের বহনকারী গাড়িটি। এসময় মানুষজন ‘দুলাভাই, দুলাভাই’ বলে স্লোগন দিতে থাকেন।
এর আগে বুধবার রাত ৭টা ৫৬ মিনিটে আকাশপথে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান, বিএনপির স্থানীয় নেতারা। পরে, হযরত শাহজালাল রহ. দরগাহের উদ্দেশে রওয়ানা হন রাত ৮টা ১৩ মিনিটে।
এখন তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিবেন। বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তারেক রহমানের সিলেট আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।
জনসভা আয়োজনে প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদরাসা মাঠ। চারদিকে ব্যানার ফেস্টুনে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট।
তারেক রহমান সিলেটের জনসভা শেষ করে দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।




