শেভরনের পৃষ্ঠপোষকতায় সিলেটে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের পুনর্গঠনমূলক অস্ত্রোপচার মিশন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৩০:৪৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: শেভরনের পৃষ্ঠপোষকতায় সিলেটে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের নবম পুনর্গঠনমূলক অস্ত্রোপচার মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। মিশনের সমাপ্তি উপলক্ষে সম্প্রতি সিলেটে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ দিনব্যাপী এই মানবিক মিশনের আওতায় বৃহত্তর সিলেট বিভাগের ৫৪ জন রোগী-যাদের বেশিরভাগই শিশু, বিনামূল্যে জীবন পরিবর্তনকারী পুনর্গঠনমূলক অস্ত্রোপচার সুবিধা পেয়েছেন।
এসব অস্ত্রোপচারের মাধ্যমে ঠোঁট ফাটা, তালু ফাটা, মুখমণ্ডলের বিভিন্ন বিকৃতি ও পোড়া দাগ সংশোধন করা হয়। এই মিশনটি আংশিকভাবে স্পনসর করে শেভরন বাংলাদেশ এবং বাস্তবায়নে সহযোগিতা করে রোটারি ক্লাব অব জালালাবাদ ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ২৪ জনেরও বেশি স্বেচ্ছাসেবক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিশনে অংশ নেন।
স্বেচ্ছাসেবী দলে ছিলেন পুনর্গঠনমূলক প্লাস্টিক সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, স্পিচ প্যাথলজিস্ট, অর্থোডন্টিস্ট ও নার্সরা। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মো. ইসমাইল পাটোয়ারী, রোটাপ্লাস্টের মিশন ডিরেক্টর টেড অ্যালেক্স, মেডিকেল ডিরেক্টর ডা. টড ফার্নওয়ার্থ, রোটাপ্লাস্ট মিশন ২০২৬-এর চেয়ারম্যান ও রোটারি ক্লাব অফ জালালাবাদের সদস্য শোয়েব আহমেদ মতিন, ক্লাবের সভাপতি সুব্রত চক্রবর্তী (জুয়েল), শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মুহাম্মদ ইমরুল কবির, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুর রহিম কায়সার এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা: মো. ইসমাইল পাটোয়ারী এই মহৎ মানবিক উদ্যোগে সহযোগিতার জন্য রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল, শেভরন বাংলাদেশ, রোটারি ক্লাব অব জালালাবাদ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মুহাম্মদ ইমরুল কবির বলেন,“এই পুনর্গঠনমূলক সার্জারিগুলো রোগীদের জীবনে বাস্তব পরিবর্তন আনে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সহায়তা করে। আমাদের সামাজিক বিনিয়োগ কর্মসূচির মাধ্যমে এই ধরনের জীবন পরিবর্তনকারী উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে আমরা ইতোমধ্যে ১৫ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছি।” রোটাপ্লাস্টের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে সিলেট ২০২৬ মিশনের মেডিকেল ডিরেক্টর টেড অ্যালেক্স বলেন,“যেসব অভিভাবক তাঁদের সন্তানদের নিয়ে আমাদের ওপর আস্থা রেখেছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বিশ্বাসই আমাদের কাজের প্রেরণা।”
উল্লেখ্য, রোটারি ক্লাব অফ সান ফ্রান্সিসকোর একটি প্রকল্প রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল একটি অলাভজনক মানবিক সংস্থা, যা ঠোঁট ও তালু ফাটা শিশুদের জন্য বিনামূল্যে পুনর্গঠনমূলক অস্ত্রোপচার, আনুসাঙ্গিক চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। শেভরন বাংলাদেশের সঙ্গে রোটাপ্লাস্টের সহযোগিতা শুরু হয় ২০১৩ সালে এবং পরবর্তীতে ২০১৪, ২০১৫, ২০১৯, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে সিলেটে একাধিক সফল মিশন পরিচালিত হয়।




