'আগামীর বাংলাদেশ গড়তে জুলাই-স্মৃতি সংরক্ষণ করা জরুরি'
‘চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট পর্ব’ প্রামাণ্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:৫৫:৪৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : জুলাই গণঅভ্যুত্থানে সিলেটের ছাত্রজনতার ভূমিকা নিয়ে প্রামাণ্য গ্রন্থ ‘চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট পর্ব (জুলাই-আগস্ট ২০২৪)’ প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১ টায় হরপ্পা পাবকিকেশন্স লন্ডন-ঢাকার উদ্যোগে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন হরপ্পা পাবলিকেশন্সের পরিচালক ও সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, চব্বিশের গণঅভ্যুত্থান সিলেট পর্ব -এর সম্পাদক নজরুল ইসলাম বাসন, শিক্ষাবিদ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরোর প্রধান আব্দুল কাদের তাপাদার, সাপ্তাহিক বাংলা সংবাদের নির্বাহী সম্পাদক আবুল কাসেম, আবুল কালাম ছোটন, প্রবাসী কমিউনিটি নেতা শেখ ফারুক, শামীম আহমদ, প্রচ্ছদশিল্পী নাওয়াজ মারজান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণভ্যুত্থানের পর দেয়ালে দেয়ালে যে গ্রাফিতিগুলো ছড়িয়ে পড়েছিলো, সেখানে নতুন প্রজন্মের স্বপ্ন-আকাঙ্খা ফুটে উঠেছিলো। সিলেটের শহীদ তোরাবসহ যারা আত্মদান করেছেন, তাদের নতুন বাংলাদেশের স্বপ্ন আকা ছিলো গ্রাফিতির কালিতে। আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়তে এগুলো সংরক্ষণ করা জরুরি। চব্বিশের গণভ্যুত্থান প্রামাণ্য প্রন্থটি এই দাবিরই ফসল।




