বাবনা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৫:২৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমার বাবনা এলাকায় পিকআপ চালক এএসআই অরুণ চন্দ্র কৈরীকে ঘুষি মারার ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। সড়কে পুলিশের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও পুলিশ অনেকটাই ছিল নীরব।
এদিকে, ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন পুলিশের উপর হামলাকারী পিকআপ চালক জুয়েল আহমেদকে (৩৫) মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জুয়েল দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনের আম্বরখানা-তেমুখী এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সুবিদবাজার এলাকায় একটি পিকআপ (সিলেট মেট্রো-ন-১৫-০৭১৭) দ্রুত ও বেপরোয়া গতিতে মদিনা মার্কেটের দিক থেকে সুবিদবাজারের দিকে আসছিলো।
এসময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ দাস গাড়িটি থামানোর সিগন্যাল দিলে চালক তা অমান্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সার্জেন্ট সত্যজিৎ দাস একটি সিএনজি অটোরিকশায় করে পিকআপটির পিছু নেন এবং একাধিকবার থামার নির্দেশ দিলেও চালক আরও বেপরোয়া গতিতে বাবনা পয়েন্টের দিকে চলে যায়।
বাবনা পয়েন্ট এলাকায় যানজট থাকায় স্থানীয় সিএনজি চালক ও জনতার সহায়তায় পিকআপটি থামানো সম্ভব হয়। এ সময় উত্তেজিত জনতা চালককে মারধর শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করে। পরে রাত আনুমানিক ২টার দিকে লাউয়াই পুলিশ বক্সের পেট্রোল ডিউটি দল ঘটনাস্থলে পৌঁছালে পিকআপ চালক জুয়েল আহমেদ (৩৫) হঠাৎ উঠে এএসআই (নিঃ) অরুণ চন্দ্র কৈরীর ডান গালে ঘুষি মেরে আহত করে। একই সময় চালকের পক্ষ নিয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায় এবং কর্তব্য পালনে বাধা দেয়।
পরে আহত চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় এবং এএসআই অরুণ চন্দ্র কৈরী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পিকআপটি জোরপূর্বক সরিয়ে নেয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কশিনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই সাথে হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।




