ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবক, সন্ধান পায় নি বিজিবি-বিএসএফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ৯:০৪:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি যুবকের খোঁজ এখনো মিলে নি। পরিবারের দাবী খাসিয়ার গুলিতে নিহত হয়ে লাশ এখনো ভারতে রয়েছে। তবে বিজিবির দাবী লাশের কোনো সন্ধান পাওয়া যায় নি।
নিখোঁজ বাংলাদেশী যুবক মো. সাদ্দাম হোসেন (৩২) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রামের কুটু মিয়ার ছেলে।
জানা যায়, গত বুধবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন উৎমা সীমান্ত দিয়ে অবৈধভাবে ৪/৫ জন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে আনুমানিক ২/৩ কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলা, খাসিয়া পল্লী এলাকায় প্রবেশ করে। উক্ত সময় সুপারি চুরির একপর্যায়ে সেখানে অবস্থানরত স্থানীয় ভারতীয় নাগরিক খাসিয়া দেখে ফেললে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাংলাদেশী চোরাকারবারীরা আহত হয় বলে জানা যায়।
পরবর্তীতে তারা ছত্রভঙ্গ হয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় অন্যান্যদের সহায়তায় ১ জন আহত নাগরিককে নিয়ে পালিয়ে বাংলাদেশে আসতে সক্ষম হলেও, সঙ্গীয়দের ভাষ্যমতে অপরজন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।
নিহতের বড়ভাই নাজীম উদ্দীন বলেন, গত ১ এপ্রিল দুপুর ১২টার দিকে আমার ভাই সাদ্দামসহ চারজন মিলে ভারতের অভ্যন্তরে যায়। সেখানে খাসিয়ারা গুলি করলে ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়। এখনো তার মরদেহ দেশে আনতে পারিনি, চার দিন ধরে ভারতে পড়ে আছে।
উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম রোববার বলেন, পরিবার থানায় অভিযোগ করেছে। পরিবারের ভাষ্য একেবারে অস্পষ্ট। তারা একবার বলে লাশ ভারতে রয়েছে আবার বলতে পারে না। আজ সকালেও তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে যে তথ্য দিয়েছে, সে এখন বাড়ি থেকে পালিয়েছে। আমরা তার বাড়িতে গিয়েছিলাম। বিএসফের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। বিএসএফ ওই এলাকায় কোনো লাশের সন্ধান কিংবা কোনো খোঁজ পায় নি। তারা খোঁজ পেলে আমাদের জানাবে বলে জানিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তার সন্ধান পেতে।




