শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৬ ট্রাক আটক, সক্রিয় সিন্ডিকেট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ৮:৫৮:২৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকলেও থামছে না সিন্ডিকেটের দৌরাত্ম্য। সর্বশেষ অভিযানে ৬টি ট্রাক আটক করা হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে বালুবিহীন ৬টি ট্রাক জব্দ করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না গণমাধ্যম কর্মীদের জানান, আটককৃত ট্রাকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীমঙ্গল—পাহাড়, বনাঞ্চল, চা বাগান আর অসংখ্য ছড়া-নদীতে সমৃদ্ধ এই জনপদ- আজ অবৈধ বালু উত্তোলনের চাপে বিপর্যস্ত। প্রতিদিন ছড়া ও ছোট নদীগুলো থেকে নির্বিচারে বালু তুলে ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
এই অবৈধ কর্মকাণ্ড শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করছে না, বাড়িয়ে তুলছে জননিরাপত্তার ঝুঁকিও। ইতোমধ্যে বালুবাহী ট্রাকের ধাক্কায় ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল ও সিন্দুরখান ইউনিয়নের বাজার এলাকায় এক শিক্ষার্থী ও এক শিশুকন্যাসহ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হলেও কার্যকর কোনো স্থায়ী সমাধান মেলেনি। মাঝে মাঝে অভিযান চালিয়ে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ থাকলেও কিছুদিন পরই পুনরায় সক্রিয় হয়ে ওঠে চক্রটি।




