বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৭:২১:৩২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় এলাকায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অবিরাম বৃষ্টিপাতের কারণে শহরজুড়ে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। শহর ও আঞ্চলিক সড়কে রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের সংখ্যা কমে গেছে। পর্যটন নগরী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকরাও বিপাকে পড়েছেন। অনেকেই হোটেল ও রিসোর্টের কক্ষেই সময় কাটাতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া, পূর্ব শ্রীমঙ্গল, সবুজবাগ, লালবাগ, রুপসপুরসহ আশিদ্রোন ইউনিয়নের রামনগর, গাজিপুর ও মুসলিমবাগ এলাকার শতাধিক গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পশ্চিম ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজিপুর সড়ক ও স্থানীয় কবরস্থান পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন স্থানে হাঁটুসমান পানি জমে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।
দুই ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। নিচু এলাকার দোকানপাট প্লাবিত হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, শাখামুড়া ছড়া দখল ও অপরিকল্পিত নির্মাণের কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসনের দ্রুত উদ্যোগ দাবি করেছেন এলাকাবাসী।




