বাংলাদেশ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ৪ শতাংশ প্রণোদনায় ঋণ প্রদান করছে- নির্বাহী পরিচালক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:১২:০৫ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা : গোলাপগঞ্জে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেছেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষকদের সহজ শর্তে ৪ শতাংশ প্রণোদনার মাধ্যমে আদা, হলুদ, জিরা, ভুট্টা চাষের জন্য ঋণ প্রদান করছে। এতে প্রণোদনার কৃষি ঋণের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে। দেশে অর্থনীতির চাকা সচল হবে। সিলেটে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষি ঋণ প্রদানে কৃষকবৃন্দ যেন কোন অবস্থায় হয়রানি শিকার না হন সে বিষয়ে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি কৃষকদের ৪ শতাংশ প্রণোদনার মাধ্যমে যেসব পণ্যের উপর ঋণ দেয়া হয় সেটি নোটিশের মাধ্যমে ঢালাও ভাবে প্রচার করার জন্য ব্যাংক ব্যবস্থাপকদের প্রতি উদাত্ত আহবান জানান। সোমবার (৪ মে সকাল) ১১ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ ব্যাংক সিলেট ও গোলাপগঞ্জ উপজেলার তফসিলি ব্যাংকসমূহের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিটি ব্যাংক পিএলসির কর্মকর্তা মীর আবু সায়েমের উপস্থাপনায় উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মোঃ আব্দুর রহমান। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জিল্লুর রহমান, সিটি ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ শাহ হাসানসহ গোলাপগঞ্জ উপজেলার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ঋণ গ্রহীতা কৃষক ও কৃষাণীবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে অতিথিবৃন্দ প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেন।




