দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত রতন মিয়ার মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ১১:২১:৪৮ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত রতন মিয়া (২৭) মারা গেছেন। আজ বুধবার (১৩ মে) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রতন মিয়া উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের সোনাই মিয়ার ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আলীনগর গ্রামের ইউপি সদস্য শাহ দীপ ও রফিক মিয়ার মধ্যে জমিজমা ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব বিরোধ ও একাধিক মামলা রয়েছে। সপ্তাহ খানেক আগে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে রফিক মিয়ার লোকজন শাহ দীপকে আটকিয়ে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে শাহ দীপের লোকজন ও রফিক মিয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপি চলা সংঘর্ষে রতন মিয়াসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রতন মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত মঙ্গলবার আলীনগর গ্রামে দুপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।




