শাবিপ্রবি উপাচার্যকে রেজিস্ট্রার দপ্তরের ফুলেল শুভেচ্ছা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ৬:৪৩:৫৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
রবিবার (৭ জুন ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের নেতৃত্বে রেজিস্ট্রার দপ্তরের একটি প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানায়। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা গ্রহণকালে উপাচার্য সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শৃঙ্খলা ও অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, কাজের গতিশীলতা, দক্ষতা ও সততার স্বীকৃতি হিসেবে প্রতি বছর ‘বেস্ট কর্মকর্তা’ পুরস্কার প্রদান করা হবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে আইন ও বিধিবিধান অনুযায়ী পরিচালিত হবে। তিনি টিম ওয়ার্কের ওপর গুরুত্বারোপ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পদোন্নতিসহ প্রশাসনিক সকল বিষয় আইনানুগভাবে সম্পন্ন করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী, আ ফ ম মিফতাউল হক, মো. নাজিম উদ্দিন খান, মো. সুফিয়ান চৌধুরী, আতাউর রহমান, সাবিহা ইয়াসমিন, মো. নাজমুল হক ও মো. ফয়সল আহমদসহ রেজিস্ট্রার দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।




