নতুন ডিলারদের মাধ্যমে ওএমএস কার্যক্রম শুরু
নিম্ন আয়ের মানুষের চিন্তা করে খোলাবাজারে চাল-আটা বিক্রির উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ৫:১২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা- উন-নবী বলেছেন, সরকার কর্তৃক খোলাবাজারে চাল এবং আটা বিক্রির মূল উদ্দেশ্য হলো নিম্ন আয়ের মানুষকে সহায়তা করা। সাধারণ মানুষ যেন এই সেবা নির্বিঘ্নে নিতে পাওে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। ওএমএস একটি জনবান্ধব কর্মসূচি। এই কর্মসূচি চাল ও আটার মান যেন সঠিক থাকে, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। ডিলার পয়েন্টগুলোও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেয়া হয়েছে। সাধারণ মানুষকে এই সেবাগ্রহণে খাদ্য বিভাগকে সহায়তা করতে হবে।
গতকাল সোমবার সিলেট খাদ্য বিভাগের আয়োজনে নগরীর বন্দরবাজার, পুলের মুখ (সার্কিট হাউজের পাশে) খোলাবাজারে জনসাধারণের মাঝে স্বল্পমূল্যে চাল, আটা বিক্রয় (ওএমএস) কার্যক্রম এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী আরো বলেন, নতুন ডিলারদের মাধ্যমে এ ওএমএস কার্যক্রম শুরু করা হয়েছে। ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৬টি ওয়ার্ডে নতুন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আরো ২৬ জন ডিলার নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং অতি দ্রুত তা সম্পন্ন করা হবে।
ওএমএস কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, দৈনিক জালালাবাদ এর সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, খাদিমনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুর রহমান চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সভাপতি নাজমুল কবীর পাভেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগরের বিভিন্ন ওয়ার্ডে দোকানে বা ট্রাকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি করে বিক্রয় করা হচ্ছে। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে প্রত্যেক ওয়ার্ডে নির্দিষ্ট ডিলারের মাধ্যমে নির্ধারিত মূল্যে এ বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।




