জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ
রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি মামুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৫:০৩:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক: জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিচার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আদালতে নিজের দোষ স্বীকার করেন সাবেক আইজিপি মামুন। এসময় তিনি রাজস্বাক্ষী হওয়ার কথা আদালতকে জানান।
আদালতে সাবেক আইজিপি মামুন বলেন, ‘আমি স্বেচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির সত্য এবং বিস্তারিত প্রকাশ করতে ইচ্ছুক। আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, তার বিস্তারিত বিবরণ আমি আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।’
আইনজীবীরা বলেন, কোনো আসামি এ ধরনের স্বীকারোক্তি দিলে তাঁকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসেবে সাবেক আইজিপিকে এ মামলায় রাজসাক্ষী হিসেবে ধরা হচ্ছে।
এদিকে দোষ স্বীকারের পর মামুনকে পৃথক সেলে রাখা এবং নিরাপত্তা দিতে আবেদন করেন তাঁর আইনজীবী যায়েদ বিন আমজাদ। পরে আদালত এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
এ সময় চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদেশের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামুন বলেছেন, তিনি একজন সাক্ষী হিসেবে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের যেসব ঘটনা ঘটেছে সমস্ত কিছু জানবার কথা। তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে এপ্রোভার হতে চেয়েছেন। সেই প্রার্থনা আদালত মঞ্জুর করেছেন। সুতরাং তিনি পরবর্তী সময়ে আদালতের সুবিধাজনক সময়ে তাঁর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আদালতকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সাহায্য করবেন। এতে তিনি রাজসাক্ষী হিসেবে গণ্য হবেন।’




