ভারতে পালানোর সময় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৮:৪৬:০৫ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন ও ভারতে পালাতে সহায়তাকারী আবুল কালামকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দুপুরে বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) তামাবিল বিওপির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা আটক হওয়া মুখলেছুর রহমান সুমনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেন।
আটককৃত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোখলেছুর রহমান সুমন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ইম্বরদী গ্রামের ইরফান মাতব্বরের ছেলে ও কামাল উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার উজুহাত গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায়, মোখলেছুর রহমান সুমন ভারতে পলায়ন করতে এক লাখ টাকার চুক্তি করে আবুল কালামের সাথে। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা, দমন পীড়ন সহ নানা অভিযোগে অভিযুক্ত ও পলাতক আসামী।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




