শাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৮:৫০:০৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র আয়োজনে এ উৎসবটি অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা অংশ নেন।
দুইদিনের এ আয়োজনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশসহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবে মোট ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়, যেখান থেকে সেরা ২২ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উপযোগী করে তুলবে এবং তাঁদের সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বিস্তৃত হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিম বলেন, “আজকের বিশ্বে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো একটি নতুন ও মৌলিক আইডিয়া। সাস্ট সায়েন্স অ্যারেনা সেই আইডিয়াকে বাস্তবতায় রূপ দিতে তরুণদের মাঝে বিজ্ঞান ও গবেষণার আগ্রহ জাগিয়ে তুলছে, যা প্রশংসনীয়।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
আয়োজক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা জানায়, ভবিষ্যতেও তারা দেশব্যাপী এমন বিজ্ঞানভিত্তিক আয়োজন অব্যাহত রাখবে, যাতে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের সুযোগ পায়।




