মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সিলেটে গণতান্ত্রিক ছাত্রসংসদের মশাল মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ১০:১৮:৫৭ অপরাহ্ন
অনলাইন নিউজ : ঢাকার মিটফোর্ড এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদল নেতাকর্মীরা নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে এবং সারাদেশে চলমান চাঁদাবাজি, দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে সিলেটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরের রিকাবীবাজার থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি রিকাবীবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা গিয়ে প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। রাজপথ জুড়ে ছিল চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী স্লোগান।
মিছিলে অংশগ্রহণকারী নেতারা বলেন, “এই দেশে চাঁদাবাজি, খুন এবং দখলদারিত্ব চলবে না। ছাত্রসমাজ ন্যায়বিচারের পক্ষে, এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবে।”
এসময় বক্তব্য রাখেন ফখরুল হাসান, জুবায়ের আহমদ, জামিল আহমেদ, আল আমীন মিহির, কাওসার গাজি, তাওফিক ওমর তানভীর, আব্দুর রহমান খান সোহাগ, তাকি হাসান ও মহিদ হাসান শান্ত ও আরো অনেকেই।




