সিলেটে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ আটক-২৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ১১:১৩:১২ অপরাহ্ন
সিলেটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসএমপির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
উক্ত অভিযানে মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রয় ও মাদক বিক্রির নগদ অর্থসহ সর্বমোট ২৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুড়িয়া গাঁজা, ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৫৭ হাজার ৫০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




