এসময়ে প্রায় ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকেরা ভোগান্তির মধ্যে পড়েন
অবশেষে সিলেটে প্রিপেইড মিটারে রিচার্জ সিস্টেম চালু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৭:৪৩:৫০ অপরাহ্ন
অনলাইন নিউজ : দুই দিনের ভোগান্তি শেষে অবশেষে প্রিপেইড মিটার রিচার্জ সিস্টেম চালু হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) বিকেল থেকে সার্ভার পুনরায় চালু হয়েছে। এর আগে রোববার সকাল থেকে কোনোভাবে প্রিপেইড মিটারে রিচার্জ করতে পারছিলেন না গ্রাহকেরা। এসময়ে প্রায় ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকেরা নানা ভোগান্তির মধ্যে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকেই সিলেট নগরীতে প্রথম দিকে স্থাপিত কিছু পুরনো প্রিপেইড মিটারের রিচার্জ বন্ধ রয়েছে। অনেকেই রিচার্জে ব্যর্থ হয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। পরে তারা সেখানে এসে ক্ষোভে-বিক্ষোভে ফেটে পড়েন। পরে সোমবার দুপুরে এই সমস্যার সমাধান হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা গেছে, সিলেট নগরীতে আগে বেসরকারী কোম্পানির এসটিএস প্রিপেইড মিটার স্থাপন করা হয়। বর্তমানে সর্বত্র পিডিবির সিটিএস মিটার স্থাপন করা হচ্ছে। এসটিএস কোম্পানির সাথে সরকারের চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। তাই ওই কোম্পানির মিটারগুলোতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ত্রুটি সারানোর চেষ্টা চলছে। পাশাপাশি যাদের এসটিএস মিটার রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব সিটিএস মিটার প্রতিস্থাপনের জন্য বলা হচ্ছে।
আরও জানা যায়, সিলেট নগরীতে এসটিএস কোম্পানির প্রায় ২০ হাজারের মতো প্রিপেইড মিটার রয়েছে। এসব মিটারে নির্দিষ্ট ইউনিট ব্যবহারের সীমারেখা দেয়া আছে। ইতোমধ্যে যেসব গ্রাহক সেই ইউনিট ব্যবহার করে ফেলছেন তাদের মিটারগুলোতে বেশি সমস্যা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক সিলেটের সকল গ্রাহককে সিটিএস মিটারের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। সকল গ্রাহককে বিনামূল্যে এ মিটার প্রদান করা হবে।
এবিষয়ে সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জারজিসুর রনি বলেন, এই সমস্যার সমাধান হয়েছে। এসটিএস প্রিপেইড মিটার একটি পুরাতন মিটার। যার কারণে তাদের সার্ভারে ধারণক্ষমতা কমে যাওয়ায় এই সার্ভার ডাউন হয়ে যায়। পরে সমাধান হয়েছে। এখন গ্রাহকরা প্রয়োজনমতো রিচার্জ করতে পারছেন।




