প্রকাশ্যে পাথর মেরে মানুষ খুন লগি-বৈঠার নৃশংসতার পুনরাবৃত্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ১:৪৩:২৮ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিস্টমুক্ত হলেও ফ্যাসিবাদী আচরণ বন্ধ হয়নি। ফ্যাসিবাদী মনোভাবের কারণে দেশ চাঁদাবাজি ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে। পত্রিকার পাতা খুললেই চাঁদাবাজি, মানুষ খুন, হামলা-মামলার ভয়াবহ সংবাদ জাতিকে ভীত-সন্ত্রস্ত করে তুলছে। চাঁদার জন্য প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে মানুষ খুন করে লাশের উপর নৃত্য ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংসতার পুনরাবৃত্তি।
গতকাল সোমবার বিকেলে নগরীর আম্বরখানায় আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মিছিলটি সোমবার বাদ আছর নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দর্শনদেউরী পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। মিছিলে বিমানবন্দর থানার সকল ওয়ার্ড-ইউনিটের সর্বস্তরের জনশক্তি ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।
বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, থানা নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, জামায়াত নেতা আব্দুস সালাম, আনোয়ার হোসেন পাঠান ও শ্রমিক নেতা নাজমুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি



