দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল- উপাচার্য ড. সরওয়ারউদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৫:৪৭:৩৩ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এরই ফলাফল হিসেবে শিক্ষার্থীদের জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে—এমন মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ার উদ্দিন চৌধুরী।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে আয়োজন করা হয় ‘জুলাই শহীদ আলোচনা সভা’।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “পুলিশ জনগণের বন্ধু হবে এটাই স্বাভাবিক। কিন্তু হাসিনার বাহিনী যেভাবে আবু সাঈদকে ন্যূনতম দূরত্ব থেকে গুলি করে হত্যা করেছে, তা ইতিহাসে বিরল। বিগত সময়গুলোতে দুর্নীতি, হত্যা, গুম ও খুনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যার ফলেই ঘটেছে শিক্ষার্থীদের জুলাই বিপ্লব।”
তিনি আরও বলেন, “আগামীতে সততা-নির্ভর বাংলাদেশ গড়তে হবে। দেশের সার্বিক উন্নয়ন সাধন করতে হলে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আমরা শাবিপ্রবিকে টিচিং অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, “গত বছরের ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে আবু সাঈদের রক্ত যেভাবে তেজোদ্দীপ্ত হয়ে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়, তা কেউ ভাবেনি। এই আন্দোলন কারও একার ছিল না। সবার সম্মিলিত অংশগ্রহণেই এই বিপ্লব সফল হয়েছে।”
শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, “যে স্বপ্নকে লালন করে এই বিপ্লব হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করা জরুরি। বিগত সময়ে গণতন্ত্রের মোড়কে ফ্যাসিবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা করে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। এসবের বিচার হওয়া প্রয়োজন।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ‘জুলাই শহীদ দিবস উদ্যাপন কমিটির’ আহ্বায়ক অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টোরিয়াল বডির সদস্য, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




