সিলেট সীমান্ত দিয়ে ৫৫ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৭:১৪:২২ অপরাহ্ন
অনলাইন নিউজ : সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ৫৫ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ বুধবার (১৬ জুলাই) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের পুশ ইন করলে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর এবং তামবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ৫ টি গ্রুপে মোট ৫৫ জনকে পুশইন করে। পরে তারা সকলেই বিজিবির টহলদল কর্তৃক আটক হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে।
সিলেট জেলার কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাইরাগ থেকে ৭ টি পরিবারের মোট ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৫ শিশু রয়েছে। তাদের মধ্যে নড়াইল জেলার- ১৭ জন, কুষ্টিয়া জেলার- ১ জন এবং খুলনা জেলার ১ জন।
আর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোকামপুঞ্জি থেকে ৯ টি পরিবারের মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৩ শিশু রয়েছে। তাদের মধ্যে যশোর জেলার ৫ জন, নড়াইল ও বরিশাল জেলার ২ জন করে এবং হবিগঞ্জ নরসিংদী, সিলেট ও সাতক্ষীরা জেলার ১ জন করে রয়েছে।
তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলজুরি থেকে ১ টি পরিবারের ১ পুরুষ ও ১ মহিলাকে আটক করা হয়। যাদের বাড়ি যশোর জেলা।
এদিকে সুনামগঞ্জ জেলার অন্তর্গত নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ী থেকে ৮ টি পরিবারের মোট ২১ জনকে আটক করা হয়। যাদের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে সাতক্ষীরা জেলার-০৯ জন, যশোর জেলার ৫ জন, নড়াইল জেলার ৪ জন ও সিলেট জেলার ৩ জন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।




